স্বতন্ত্র আইসিটি ক্যাডার সার্ভিস বাস্তবায়নে এক মাসের আল্টিমেটাম

৮ আগষ্ট, ২০২৪ ১৭:৩০  

আইসিটি কর্মকর্তাদের জন্য স্বতন্ত্র আইসিটি ক্যাডার চালুর জন্য চূড়ান্ত প্রস্তাব এক মাসের মধ্যে অনুমোদন করাসহ ১৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ আইসিটি অফিসার্স ফোরাম। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে ১ নং ভবনের সামনে ডাকা সংবাদ সম্মেলনে এসব দাবি জানান আইসিটি মন্ত্রণালয়ের বঞ্চিত কর্মকর্তারা।  এসময় আইসিটি কর্মকর্তাদের বৈষম্যের কথা তুলে ধরেন। একইসঙ্গে সংস্কার আন্দলনে শহীদদের প্রতি স্যালুট দিয়ে সম্মাননা জানান তারা।

এর আগে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্যা পাঠের মাধ্যমে ১৩ দফা দাবি পেশ করেন আইসিটি মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট এস এম শহীদ শহীদুল ইসলাম।

ক্যাডার সার্ভিসের পাশাপাশি আইসিটি অফিসারদের পদগুলোকে রুলস অব বিজনেস-এ অন্তর্ভুক্ত করণ, নবম গ্রেড তদূর্ধ্ব পদে সরাসরি নিয়োগ বন্ধ করে গ্রেড-১ এর পদ সৃষ্টি, সকল মন্ত্রণালয়/বিভাগে আইসিটি কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত স্বতন্ত্র আইসিটি অনুবিভাগ , মন্ত্রণালয়/বিভাগের অধীন সকল দপ্তর/সংস্থায় আইসিটি জনবলের সমন্বয়ে স্বতন্ত্র আইসিটি ইউনিট স্থাপন এবং জেলা এবং উপজেলা কার্যালয়ে সংশ্লিষ্ট আইসিটি কর্মকর্তাকে দপ্তর প্রধান করার দাবি জানানো হয়।

এছাড়াও এজেন্সি টু ইনোভেট (এটুআই), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ হাই- টেক পার্ক অথরিটি, ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রকের কার্যালয় (সিসিএ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড, স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড ইত্যাদিতে প্রধানের পদে আইসিটি কর্মকর্তাদের মধ্য হতে নির্বাচন করার বিধান রাখা হয়।

পাশাপাশি ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি’র আইন সংশোধন করে প্রধানের পদে আইসিটি কর্মকর্তা নিয়োগ প্রদানের সুযোগ সৃষ্টিকরণ ও আইএফটিকে পিএটিসি ন্যায় ট্রেনিং সেন্টারে পরিণত করা,কেন্দ্রীয়ভাবে বদলি/পদোন্নতির সুযোগ সৃষ্টিকরণসহ মেধা, সততা ও দক্ষতার ভিত্তিতে পদায়ন ও পদোন্নতির ব্যবস্থা রাখা, আইসিটি পার্সোনেলগণের পদনাম পরিবর্তনের ব্যবস্থাকরণ (যেমন: সচিবালয়ে সহকারী সচিব (আইসিটি), দপ্তর/সংস্থায় ও মাঠ পর্যায়ে সহকারী পরিচালক (আইসিটি) উচ্চতর পদসমূহে এ নীতি অবলম্বন); আইসিটি অধিদপ্তরসহ আইসিটি নির্ভর সকল দপ্তরের কারিগরি ও প্রশাসনিক সকল পদে আইসিটি কর্মকর্তাদের পদায়ন এবং নাগরিকদের জন্য ডিজিটালাইজেশন এর প্রকৃত সুফল নিশ্চিত করতে প্রশাসনিক সংস্কার এর মাধ্যমে আইসিটি অফিসারদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

একই ভাবে দাবি করা হয়, আইসিটি অধিদপ্তরের আওতাধীন ন্যাশনাল সফটওয়্যার ডেভলপমেন্ট সেন্টার স্থাপনের। এই সেন্টার থেকেই সরকারের সকল সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে মেইনটেন্যান্স নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়। বলা হয়েছে, শুধু সরকারি দপ্তরের সফটওয়্যার ডেভেলপমেন্ট/মেইনটেন্যান্স নিশ্চিত করবে। এজন্য প্রয়োজনীয় জনবল, প্রশিক্ষণ, পরিচালন ব্যয় ও প্রণোদনা নিশ্চিত করতে হবে।